Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
banner

বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি: বাপ্পারাজ


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৬, ০২:৪২ পিএম
বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি: বাপ্পারাজ
চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি ও অভিনেতা বাপ্পারাজ।

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়ে বর্তমানে সংসার ও পরিবার নিয়েই ব্যস্ত এই অভিনেত্রী। আড়ালে গিয়ে বিয়ে, সংসার এবং এক সন্তানের মা হওয়ার খবরও ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। এর মধ্যে অভিনয়জীবন ও অতীত নিয়ে পপির একটি বক্তব্য আবারও সামনে এসেছে। আর সেই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা।

সোমবার (৩১ আগস্ট) অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় স্যোশাল মিডিয়ায় পপির একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে পপির বক্তব্য হিসেবে লেখা রয়েছে, ‘যতটুকু পাপ কামাইছি সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচব হেদায়াতের জন্য আল্লাহ-খোদার নাম করে যাব।’

পপির এই বক্তব্যকে সামনে রেখে নিজের মতামতও তুলে ধরেছেন জয়। একই সঙ্গে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিনয়কে কি তাহলে এখন পাপ হিসেবে দেখছেন তারকারা?

জয় লিখেছেন, ‘নায়িকা মৌসুমী যা বলেছিলেন, নায়িকা পপিও তা বললেন। এখন শাবনূর এবং পূর্ণিমা একই কথা বললে একটা জেনারেশন পূর্ণ হতো। অভিনয় যে একটা গুনাহর কাজ, এটা তারা বুঝতে পেরেছে।’

এরপর নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে জয় বলেন, ‘আমার প্রশ্ন, আপনারা তো ১৬ আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যে কিছুই না বুঝেই আপনাদের ভক্ত হয়ে ভুল করেছি এবং গুনাহ করেছি, আমাদের কী হবে তাহলে? তাই ইবাদতের সময় ভক্তদের জন্যও দোয়া কইরেন। শুধু অতীতের তারকাদের নয়, বর্তমানে জনপ্রিয় শিল্পীদের নিয়েও প্রশ্ন তুলেছেন জয়। 

তিনি লিখেছেন, ‘আর বর্তমানে যারা হিট, তারাও কি ভবিষ্যতে এরকম স্টেটমেন্ট দিবেন? বিষয়টা এমন নয় কি পাপ করে জীবন গুছিয়ে নিয়ে তারপরে হজ করে আল্লাহর পথে চলে এলাম।’

জয়ের এমন পোস্টের পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। পোস্টটির মন্তব্যের ঘরে নিজের মতামত জানিয়েছেন অভিনেতা বাপ্পারাজসহ অনেকেই। বাপ্পারাজ যেন পপিকে উদ্দেশ্য করেই মন্তব্য করেছেন সেখানে। তিনি লেখেন, ‘যখন ইনকাম করা হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’

এর আগে এক ভিডিও বার্তায় অভিনয়জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন পপি। কান্নাজড়িত কণ্ঠে নিজের জীবন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, ‘আমি সব কিছু থেকে দূরে চলে গেছি। মানুষ কত দিনই বাঁচে! যে কয়দিন বাঁচি, সুন্দরভাবে বাঁচতে চাই। একটু ভালো থাকতে চাই। একটু ভালো খেতে চাই, আল্লাহ-খোদার নাম নিতে চাই।’

সেই ভিডিও বার্তায় নিজের অতীত নিয়েও আক্ষেপ প্রকাশ করেন পপি। তিনি বলেন, ‘পরিবারের কারণে কাজ করতে গিয়ে মানুষের যতটা গালি খেয়েছি, যতটা পাপ কামিয়েছি সবকিছু মুছে সুন্দরভাবে মরতে চাই। এটা যদি আমার জন্য অপরাধ হয়ে থাকে, তবে আমি অপরাধী।’

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পপি। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি’। এতে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী। সিনেমাটি সে সময় প্রায় ৭ কোটি টাকা ব্যবসা করে আলোচনায় আসে।

এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন পপি। দীর্ঘ অভিনয়জীবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন স্বীকৃতিও পেয়েছেন তিনি। তবে ক্যারিয়ারের সফল সময় পেরিয়ে বর্তমানে পুরোপুরিই আড়ালে এই অভিনেত্রী।

Banner
Side banner
Side banner