জয়পুরহাটে গলা কেটে চালককে নৃশংসভাবে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়েছে।সেই সঙ্গে এ হত্যাকাণ্ডের বিভিন্ন আলামতসহ ছিনতাইকৃত ৫টি ব্যাটারি ও অটোরিকশাটি উদ্ধারসহ রশিদুল ইসলাম (৩৭) ও রুবেল হোসেন (৩৪) নামে দুই ঘাতককে গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। এ ঘটনার সঙ্গে আরও একাধিক আসামির সম্পৃক্ততা রয়েছে। তাদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। এ মুহূর্তে তদন্ত ও গ্রেফতার অভিযানের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।গ্রেফতারকৃত দুই ঘাতকের মধ্যে রশিদুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তিলাবদুল পূর্বপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং রুবেল (৩৫) একই গ্রামের বাবলু মণ্ডলের ছেলে। রশিদুল পেশাগতভাবে একজন ট্রাকচালক। আর রুবেল ট্রাকের হেলপার। তবে তাদের দুজনের বিরুদ্ধেই পূর্বে একাধিক মাদক ও হত্যা মামলা রয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. মাছুম আহাম্মদ ভূঁঞা।তিনি বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ২৪ অক্টোবর বিকালে জেলার ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে আসামিরা প্রথমে একত্রিত হয়ে একটি অটোরিকশা (ইজিবাইক) ছিনতাইয়ের পরিকল্পনা করে। সে অনুযায়ী তারা জয়পুরহাট শহরের পাঁচুর মোড় থেকে ৩০ টাকায় একটি কাগজ কাটা সাধারণ চাকু কিনে নিয়ে পৃথিবী কমপ্লেক্সের সামনের গিয়ে ২০০ টাকায় জনৈক শফিকুল ইসলামের অটোরিকশা ভাড়া করে ধামইরহাটের আলতাদিঘীতে যায়।সেখানে কিছু সময় কাটিয়ে সন্ধ্যার পর তারা সেখান থেকে পুনরায় জয়পুরহাট শহরে ফেরার উদ্দেশে শফিকুল ইসলামের অটোরিকশাতেই উঠে। এ সময় পথিমধ্যে তাদের অটোরিকশাটি জয়পুরহাট সদর উপজেলার মঙ্গলবাড়ী-দোগাছি সড়কের পার্শ্ববর্তী গুচ্ছগ্রামের কাছে পৌঁছলে গ্রেফতারকৃত আসামি রশিদুলসহ অপর আসামিরা চালক শফিকুল ইসলামের গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করার পর ৩০ টাকায় কেনা ওই চাকু দিয়ে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে।পরে সড়কের পাশে ধানক্ষেতে তার লাশ ফেলে দিয়ে ঘাতকরা ওই অটোরিকশাটি নিয়ে অন্ধকারে পালিয়ে যায়। পর দিন ২৫ অক্টোবর সকালে জয়পুরহাট সদর উপজেলার মঙ্গলবাড়ি-দোগাছি সড়কের পাশের ধানক্ষেত থেকে চালক শফিকুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।এ হত্যার পর বিকালে ঘাতকরা জেলার ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারের জনৈক মো. জহুরুল ইসলামের অটোরিকশা ব্যাটারির দোকানে ২৩ হাজার টাকায় বিক্রি করে প্রাপ্ত টাকার মধ্যে আসামি রশিদুল ৫ হাজার টাকা, আসামি রুবেল ৩ হাজার ৫০০ টাকা ও অপর অজ্ঞাত আসামিরা অবশিষ্ট ১৪ হাজার ৫০০ টাকা ভাগাভাগি করে নেয়।প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মাছুম আহাম্মদ ভূঁঞা আরও বলেন, গ্রেফতারকৃতদের অপরাধ রেকর্ড পর্যালোচনায় জানা যায়, তারা জয়পুরহাট জেলার পাঁচবিবি ও ক্ষেতলাল, দিনাজপুর জেলার ঘোড়াঘাট ও হাকিমপুর এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ এলাকায় সংঘবদ্ধ চুরি, ছিনতাই ও ডাকাতি চক্রের সক্রিয় সদস্য। এ ছিনতাই চক্রের অন্য সদস্যদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।




























আপনার মতামত লিখুন :