মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান ওয়াদুদ বক্সসহ ৪ জনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য আদালত পিবিআইকে নির্দেশ দিলে শনিবার পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবু ইউছুফ ঘটনা সরেজমিন তদন্ত করেন।স্থানীয় সূত্রে জানা যায়, হাজিপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্সের নেতৃত্বে তার সহযোগীরা পাইকপাড়া এলাকার ব্যবসায়ী মাজহারুল আলমের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের কথামতো চাঁদা না দেওয়ায় গত বছরের ৩ ডিসেম্বর চেয়ারম্যানের ভাই ছালিক বক্স ও জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি দল ব্যবসায়ী মাজহারুল আলমের জায়গার উপর নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে ফেলে। এ ঘটনায় ছালিক বক্স, সামছুল হক সামাদ ও জাহাঙ্গীর হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর তারা আরও বেপরোয়া হয়ে উঠেন।এরপর ১২ ডিসেম্বর ব্যবসায়ী মাজহারুল আলম তার বাড়ি থেকে কুলাউড়া যাওয়ার পথে স্থানীয় কানিহাটি উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে রাস্তায় ওতপেতে থাকা চেয়ারম্যান ওয়াদুদ বক্সের নেতৃত্বে তার সহযোগীরা দুইটি মোটরসাইকেলযোগে দেশীয় অস্ত্র নিয়ে মাজহারুলের গাড়ির গতিরোধ করে তার ওপর হামলা চালায়। এ সময় আবারো তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তার কাছ থেকে ১৪ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন।এ ঘটনায় ১৫ ডিসেম্বর মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ওয়াদুদ বক্স, তার ভাই ছালিক বক্স, সামছুল হক সামাদ ও জাহাঙ্গীর হোসেনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ভুক্তভোগী মাজহারুল আলম।হাজীপুরের নবনির্বাচিত চেয়ারম্যান ওয়াদুদ বক্স জানান, পিবিআই কেন তদন্তে এসেছে আমি কিছু জানি না। আমি মৌলভীবাজার ছিলাম।এ ব্যাপারে পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবু ইউছুফ জানান, ১২ তারিখের ঘটনায় আদালতে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে সাক্ষ্যগ্রহণ ও আলামত গ্রহণ করছি। দ্রুত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।




















আপনার মতামত লিখুন :