কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু প্রদর্শন করে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ করেছে পদবঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ গেইটের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি পৌরসদর বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে থানা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে ব্যাঘাত ঘটে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে যান চলাচলে। পরে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে সমাবেশ করেন নেতরা।
সমাবেশে বক্তব্য দেন- উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, সাকিবুল হাসান মুন্না, নাফিজ উদ্দিন নাদিম, রাকিবুল হাসান হিমেল ও রাকিবুল হাসান হৃদয় প্রমুখ।এতে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের দাবির সাথে সহমত প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম রেনু ও পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ।
সমাবেশে ছাত্রলীগের নেতারা বলেন, ‘বিএনপি-জামাত থেকে আসা একজনকে সভাপতি করা হয়েছে। ত্যাগী ও পরীক্ষিতদের এ কমিটিতে রাখা হয়নি। এ ছাড়াও কমিটিতে বিবাহিত ও অছাত্রদের রাখা হয়েছে। আমরা এ কমিটি মানি না। অবিলম্বে কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। নয়তো রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
উল্লেখ্য, এক যুগ পর বুধবার নাজমুল আলমকে সভাপতি ও তোফায়েল আহমেদ তুহিনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ।




















আপনার মতামত লিখুন :