হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় ২৪টি সোনার বার জব্দ করেছে হিলি কাস্টমস গোয়েন্দা।
বুধবার বিকেল ৪টার দিকে ভারত গামী পাঁচজন বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর দেহ তল্লাশি করে সোনার বারগুলো জব্দ করা হয়। জব্দ করা সোনার বারগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।
হিলি কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানায়, আন্তর্জাতিক সোনা পাচারকারীর একটি চক্র হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বেশ কয়েকটি সোনার বার ভারতে পাচার করছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে কাস্টমস গোয়েন্দা সদস্যরা ইমিগ্রেশন এলাকায় ওঁৎ পেতে থাকে। বিকেল ৪টার দিকে প্রথমে দুইজন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশন চেকপোস্টে আসে। এ সময় কাস্টমসে তাদের দেহ তল্লাশি করে প্রথমে ১০টি সোনার বার জব্দ করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে পরে আরো তিনজন পাসপোর্ট যাত্রীকে আটক করে তাদের দেহ তল্লাশি করে ১৪টি সোনার বারসহ মোট ২৪টি সোনার বার জব্দ করা হয়। যার ওজন ২ কেজি ৪০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।
এ ঘটনায় ওই পাঁচজন পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়। আটককৃতরা হলেন মানিকগঞ্জের, ফরহাদ, মনোরঞ্জন, মনিরুল ইসলাম, জসিম উদ্দিন এবং ঢাকার মতিয়ার রহমান।
হিলি কাস্টমস সুপারিনটেন্ড শোহেব রায়হান জানান, আটককৃত পাসপোর্ট যাত্রীরা সকলেই আন্তর্জাতিক সোনা চোরাচালানকারি সিণ্ডিকেটের সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিমানবন্দরসহ বিভিন্ন বন্দর দিয়ে সোনা পাচার করে আসছে। মাদক ও সোনা পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




























আপনার মতামত লিখুন :