মেহেরপুরের গাংনীতে সাবিনা খাতুন (৩৩) নামের এক গৃহবধূকে তার স্বামী বিদ্যুৎ হোসেনের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার ষোলটাকা ইউনিয়নের কুঞ্জনগর গ্রামের হুদাপাড়ায় এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। এ ঘটনার পর তার স্বামী পলাতক রয়েছেন।
সাবিনা কুমারীডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে।
নিহত সাবিনার বড় বোন শারমিন খাতুন বলেন, গত দুই মাস আগে কুঞ্জনগর গ্রামের ওলি বিশ্বাসের ছেলে বিদ্যুতের সাথে সাবিনার বিয়ে হয়। এর আগে বিদ্যুৎ চারটি বিয়ে করেছিল। শারীরিক সমস্যার কারণে তার অন্য স্ত্রীরা চলে গেছে। বিদ্যুৎ প্রতারণার আশ্রয় নিয়ে সাবিনাকে বিয়ে করে।
তিনি আরো বলেন, বিয়ের পর থেকে বিদ্যুৎ ও তার পরিবারের সদস্যরা সাবিনার উপর মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। মঙ্গলবার সন্ধ্যার পর সাবিনাকে বড়ভাই মুকুল আনতে যায়। কিন্তু তারা ভাইয়ের সাথে না পাঠিয়ে তাদের মারধর করে তাড়িয়ে দেয়। এরপর রাতেই সাবিনার মৃত্যু হয়। তার মাথায় জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পাথর বা ভারী কিছু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই বিদ্যুৎ-সহ তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে। তিনি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে ঘটনার পর বিদ্যুৎ-সহ তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় হত্যাকাণ্ডের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এই ঘটনার আইনগত ব্যবস্থা নেয়া হবে। আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।




























আপনার মতামত লিখুন :