সিরাজগঞ্জ পৌরসভার লোগো সম্বলিত রশিদ দিয়ে, পৌরসভার নামে অবৈধ ভাবে ব্যাটারী চালিত অটো থেকে প্রতিদিন আদায় করা হচ্ছে টোল।

তথ্য অনুসন্ধানে জানা যায়, সিরাজগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের আহ্বানে গত ১৯/০১/২০২৬ ইং তারিখে পৌর বাস টার্মিনাল ও সিএনজি থেকে টোল আদায়ের লক্ষ্যে টেন্ডার আহ্বান করা হয়।যার স্মারক নং- সিঃপৌঃ/প্রকৌঃ/ইজাঃ/২০২৬/৭৯৮; তারিখ -১৯/০১/২০২৬। পরবর্তীতে ৪৮,০৬,০৬৭/= টাকায় মেসার্স আজাদ ট্রেডার্স নামক প্রতিষ্ঠান বাংলা ১৪৩৩ সনের জন্য ইজারাদার হিসেবে টোল আদায়ের অনুমতি পায়। যাহার মালিক সয়াধানগড়া মধ্যপাড়ার বাসিন্দা মো: আবুল কালাম আজাদ। ইজারার শর্তে শুধুমাত্র বাস/মিনিবাস, সিএনজি হতে টোল আদায়ের কথা উল্লেখ রয়েছে।
অথচ সিরাজগঞ্জ পৌরসভার লোগো সম্বলিত ও পৌরসভার নামে টোল আদায়ের রশিদের মাধ্যমে ব্যাটারীচালিত অটো প্রতি ১০ টাকা করে টোল আদায় করা হচ্ছে।
প্রতিদিন সিরাজগঞ্জ পৌরসভায় যে পরিমাণ ব্যাটারী চালিত অটো যাতায়াত করে। এতে গড়ে প্রতিদিন প্রায় ১৫-২০ হাজার টাকা টোল আদায় হয়। যা টোল আদায়ের সাথে যুক্ত সংশ্লিষ্ট লাইনম্যানদের সাথে কথা বলে জানা যায়। তাদের দাবী এ টাকা তারা পৌরসভার নামে টোল আদায় করছেন। অপর দিকে সিরাজগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ বলছে তারা শুধু মাত্র বাস/ মিনিবাস ও সিএনজি থেকে টোল আদায়ের অনুমতি দিয়েছেন।
তাহলে প্রশ্ন হচ্ছে, সিরাজগঞ্জ পৌরসভার লোগো সম্বলিত টোল আদায়ের রশিদের মাধ্যমে প্রতি দিন ব্যাটারীচালিত অটো থেকে অবৈধ ভাবে আদায় করা টোলের টাকা যাচ্ছে কাদের পকেটে ? এর সদুত্তর দিতে পারেনি স্বয়ং পৌরসভায় কর্মরত ব্যক্তিবর্গরাও।বাজার শাখার ইমরুলের নিকট জানতে চাওয়া হলে, তিনি বললেন, পৌর সচিবের নিকট বলতে। পৌর সচিবকে জানানো হলে তিনিও কোন সদুত্তর দেননি।
(আগামী পর্বে, আমরা পাঠকদের জানাবো এই অবৈধ টোলের টাকা যাচ্ছে কাদের পকেটে?)


















আপনার মতামত লিখুন :