তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় সোমবার (২৪ আগস্ট) রাজ্য বিধানসভায় নারীদের জন্য একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা দিয়েছেন। এখন থেকে বছরে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডারের সম্পূর্ণ খরচ সরকারই বহন করবে। একই সঙ্গে সরকারি বাসে নারীদের বিনা ভাড়ায় যাতায়াতের সুবিধাও আরও বাড়ানো হয়েছে।
‘অন্নপূর্ণি সুপার সিক্স’ প্রকল্পের আওতায় প্রতি বছর তিনটি গ্যাস সিলিন্ডারের টাকা সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। আগামী বছরের পঙ্গল উৎসব থেকে এ প্রকল্প চালু হচ্ছে। প্রায় এক কোটি ৩০ লাখ পরিবার এর আওতায় আসবে। প্রকল্প বাস্তবায়নে বছরে চার হাজার কোটি রুপির বেশি খরচ হতে পারে।
বার্ষিক আয় আড়াই লাখ রুপির মধ্যে থাকা পরিবার, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবার এবং প্রতিবন্ধী সদস্য থাকা পরিবারগুলো এ সুবিধা পাবে। উপভোক্তারা আগে সিলিন্ডার কিনবেন। পরে কেনার প্রমাণপত্র দেখিয়ে সেই টাকা সরাসরি ব্যাংক হিসাবে ফেরত পাবেন। এতে নিম্ন আয়ের পরিবারগুলোর রান্নার জ্বালানির খরচে বড় ধরনের স্বস্তি মিলবে।
নারীদের জন্য আরও বড় ঘোষণা এসেছে গণপরিবহণে। এতদিন সাধারণ সরকারি বাসে বিনা ভাড়ায় চলার সুবিধা ছিল। এবার সেই সুবিধা আরও বিস্তৃত করা হচ্ছে। আগামী ২ অক্টোবর থেকে নারীরা দ্রুতগামী ও বিলাসবহুল বাসসহ বিভিন্ন শ্রেণির সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। যাতায়াতের সংখ্যায়ও কোনো সীমা থাকবে না।
বিজয়ের ঘোষণায় তৃতীয় চমকও রয়েছে। চেন্নাইয়ের দ্বিতীয় বিমানবন্দর হিসেবে পরন্দুরে যে প্রকল্প নেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, ওই প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল কৃষিজমি নষ্ট হতো এবং কৃষকসহ স্থানীয় মানুষের জীবিকায়ও প্রভাব পড়ত। চেন্নাইয়ের জন্য নতুন বিমানবন্দরের প্রয়োজন আছে বলে তিনি স্বীকার করেছেন। তবে কৃষিজমি ও বসতবাড়ির ক্ষতি কম হয়, এমন বিকল্প জায়গা খোঁজার কথা জানিয়েছেন।
একসঙ্গে রান্নার গ্যাসে আর্থিক সহায়তা, নারীদের গণপরিবহণে বাড়তি সুবিধা এবং কৃষিজমি রক্ষার সিদ্ধান্তকে বিজয় সরকারের বড় জনমুখী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন খরচ কমানোর লক্ষ্যেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারপক্ষের দাবি।



























Watermarked-20260817130955.jpg)












আপনার মতামত লিখুন :