Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
banner

পে-স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হলে পরিস্থিতি জটিল হবে: দেবপ্রিয় ভট্টাচার্য


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ০৫:৫৬ পিএম
পে-স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হলে পরিস্থিতি জটিল হবে: দেবপ্রিয় ভট্টাচার্য
পে-স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হলে পরিস্থিতি জটিল হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে সরকার পর্যাপ্ত রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, বিষয়টিকে এভাবে ঝুলিয়ে রাখলে সংকট কমবে না, বরং যত দেরি হবে পরিস্থিতি ততই জটিল রূপ নেবে।

সোমবার (২৪ আগস্ট) ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত ‘সরকারের ছয় মাসের কার্যক্রমের ওপর মূল্যায়ন’ বিষয়ক এক মিডিয়া সংলাপে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়। সংলাপে উপস্থিত ছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির আরেক সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান।

বেতন-ভাতার সিদ্ধান্ত নিতে দীর্ঘসূত্রিতার কারণ ব্যাখ্যা করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, চলতি অর্থবছরের ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা থেকে ১ লাখ ৪০ হাজার কোটি টাকার ঘাটতি হতে পারে, যা বড় একটি আর্থিক সীমাবদ্ধতা।

অন্তর্বর্তী সরকারের গঠিত বেতন কাঠামোর প্রতিবেদন মূল্যায়ন করে তা ভাগে ভাগে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এত দেরি না করে শুরুতেই যদি ২০ থেকে ২৫ শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে কিছুটা সময় প্রার্থনা করা হতো, তবে পরিস্থিতি এতদূর গড়াতো না। বেতন-ভাতার সিদ্ধান্ত ঝুলিয়ে রাখলে সরকারের অন্যান্য কাজও মারাত্মকভাবে বিঘ্নিত হবে বলে আশঙ্কা প্রকাশ করে সিপিডি।

সরকারের গত ছয় মাসের পারফরম্যান্স তুলে ধরে সিপিডি জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত দেশের প্রধান তিনটি শিল্পাঞ্চলে মোট ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে কর্মসংস্থান হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ জন শ্রমিক।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় উত্তরাধিকার সূত্রে কিছু কাঠামোগত অসুবিধা ও বৈশ্বিক সংকটের মুখোমুখি হয়েছিল। তবে দায়িত্ব গ্রহণের সময়কার পরিস্থিতি নিয়ে কোনো সমন্বিত তথ্যভিত্তিক দলিল বা হোয়াইট পেপার তৈরি না করায় এখন বিভিন্ন অর্থনৈতিক অগ্রগতি ও পরিসংখ্যানের সঠিক মূল্যায়ন করা কঠিন হয়ে পড়েছে।

সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি ও সংস্কার কার্যক্রম মূল্যায়ন করতে সিপিডি প্রায় ৩৬২টি পদক্ষেপের একটি তালিকা তৈরি করেছে, যা ৯টি ভাগে বিভক্ত করে ‘রিফর্ম ট্র্যাকার’-এর মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সুশাসনের ক্ষেত্রে ১০৫টি ঘটনা মূল্যায়নে রাখা হয়েছে। এর মধ্যে সরকারি এমপিদের প্লট ও গাড়ি না নেওয়ার সিদ্ধান্ত, রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে সিপিডি। তবে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের উচ্চপদে নিয়োগের ক্ষেত্রে মেধার প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটেছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

Banner
Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Small Banner
Side banner