Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২
banner

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট ৯ এপ্রিল, তফসিল ঈদের আগেই


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৩:০২ পিএম
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট ৯ এপ্রিল, তফসিল ঈদের আগেই
নির্বাচন কমিশন ভবন। ইসি মো. আব্দুর রহমান মাছুউদ ।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন ঈদুল ফিতরের আগেই এই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার (ইসি) মো. আব্দুর রহমান মাছুউদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনের তারিখ ও সার্বিক প্রস্তুতির বিষয়টি আজই আমাদের সচিব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তিনিই কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। এই দুই আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ থাকছে বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান নির্বাচনী এলাকা-১৯০ ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৈধ প্রার্থী মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ইসি।
 
পরে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা ২১২।
 
অপরদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসেছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে এবং বাকি এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হয়েছে।
 

Banner
Side banner
Side banner