মুমিনুল হকের নামে পাশে সেঁটে গেছে টেস্ট ক্রিকেটারের তকমা। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সীমিত ওভারে শেষ ম্যাচ খেলেছেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটে তেমন সুযোগই পাননি এই বাঁহাতি ব্যাটার। যা নিয়ে কিছুটা হতাশ মুমিনুল।
দেশের দুই ভেন্যুতে শুরু হয়েছে ওয়ানডে ফরম্যাটের বিসিএল। এই টুর্নামেন্টে ইস্ট জোনের হয়ে খেলছেন মুমিনুল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নর্থ জোনের বিপক্ষে ইস্ট জোন হারলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন মুমিনুল। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বাংলাদেশে কেউ টেস্ট ক্রিকেটার হওয়া মানে তার জন্য দুর্ভোগ অপেক্ষা করছে।
বাংলাদেশের হয়ে ৭৫টি টেস্ট খেলেছেন মুমিনুল। বিপরীতে ৩৪টি সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। রঙিন পোশাকে সুযোগ কম পাওয়া প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘ভবিষ্যতে এমন প্রশ্ন আসতে পারে যে আপনি টেস্ট ক্রিকেটারদের জন্য কী বলবেন। আমি তো বলবো যে বাংলাদেশে কোনো টেস্ট ক্রিকেটার তৈরি হওয়া উচিত না। এরকম অবস্থা হলে টেস্ট ক্রিকেটার হওয়া উচিত না। কারণ আপনি সাদা বলের কোনো খেলা খেলতে পারছেন না।
তিনি বলেন, ‘দেখেন আপনি ওয়ানডে খেলান বা না খেলান, সেটা পরের কথা। একটা ক্রিকেটারের পারফরম্যান্সের ভিতের ওপরে খেলাতে পারবেন। তার মানে এই না যে ওকে এরকম টুর্নামেন্টে, ঘরোয়া যেসব টুর্নামেন্ট রয়েছে, ওখানে অন্তত সুযোগ দেওয়া উচিত।’
এভাবে চলতে থাকলে টেস্ট ক্রিকেটার পাওয়া দুষ্কর হয়ে দাঁড়াবে মনে করেন মুমিনুল, ‘ওকে যদি আপনি সারাদিন তৈরি করেন লাল বলের জন্য। তখন লাল বলের জন্য এটা খারাপ উদাহরণ হবে। আপনারা সবাই বলেন যে সবার একটা টেস্ট খেলার স্বপ্ন থাকে ছোটবেলা থেকে। ওই টেস্ট খেলার স্বপ্নটা তখন আর কারোর থাকবে না।’





























আপনার মতামত লিখুন :