যশোরে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী আদিত্য কুমার অধিকারীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছে সাউন্ড, লাইট, ডেকোরেটর ও ইভেন্ট ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় প্রেসক্লাব যশোরের সামনে যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতি, যশোর ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এবং যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, যশোরের সুনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ওয়েডিং টাচ’-এর স্বত্বাধিকারী আদিত্য কুমার অধিকারীকে ব্যবসায়িক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
একই সঙ্গে যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন হীরা এবং বাংলাদেশ সাউন্ড লাইট লজিস্টিকস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রবিউল ইসলাম গাজীকেও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে দাবি করা হয়।বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইভেন্ট ম্যানেজমেন্ট খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু সাম্প্রতিক এ ঘটনায় ব্যবসায়ী মহলের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, মাগুরার ডেকোরেটর ব্যবসায়ী মাসুম বিল্লাহ বিভিন্ন সময় সংগঠনের সদস্যদের হুমকি-ধমকি ও অশালীন আচরণ করে আসছেন।
এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।সংগঠনগুলোর নেতারা জানান, গত ১৬ জুলাই সকালে ০১৭১১০৬৭৬২০ নম্বর থেকে আদিত্য কুমার অধিকারীর মোবাইল ফোনে কল করা হয়। ওই ফোনালাপে তাকে মাগুরায় কাজ না করার নির্দেশ দেওয়া হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পাশাপাশি মাগুরায় প্রবেশে বাধা দেওয়া, ব্যবসায়িক মালামাল লুট, পরিবারের সদস্যদের মারধর এবং হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। অভিযুক্ত হিসেবে মাগুরা শহরের জজ কোর্ট এলাকার ‘শ্রাবণী ডেকোরেটর’-এর স্বত্বাধিকারী মাসুম বিল্লাহের নাম উল্লেখ করেন তারা। অভিযোগ সংশ্লিষ্ট ফোনালাপের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এ ঘটনায় আদিত্য কুমার অধিকারী গত ১৬ জুলাই যশোর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, মাগুরায় একটি বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশন কাজের চুক্তি হওয়ার পর অভিযুক্ত ব্যক্তি মোবাইল ফোনে তাকে গালিগালাজ করেন এবং মারধর ও প্রাণনাশের হুমকি দেন। ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন। জিডিতে ফোনালাপের রেকর্ড সংরক্ষিত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলক চন্দ্র দত্ত, সহ-সভাপতি ইদ্রিস আলী, সহ-সভাপতি হারুন অর রশিদ বাচ্চু, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন হীরাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।এছাড়া যশোর ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সুজন কুমার রায়, আহ্বায়ক হারুন-অর-রশিদ, সদস্য সচিব সাজেদুর রহমান অপু, সদস্য সাংবাদিক শিমুল ভূঁইয়াসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আকবর হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দও মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন থেকে বক্তারা অভিযুক্ত ব্যক্তির প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক







































আপনার মতামত লিখুন :