যশোরে শার্শা উপজেলার থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ প্রায় ৫০ হাজার টাকাসহ দুই জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই জুয়াড়ি কৌশলে পালিয়ে যায়।
আটককৃতরা হলেন,শার্শা উপজেলার টেংরালী (দক্ষিণপাড়া) গ্রামের সমশের আলীর ছেলে সামাউল ইসলাম (৩৫) এবং একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সেলিম রহমান (৩৭)।
শনিবার (১৮ জুলাই) সকালে শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টেংরালী দক্ষিণপাড়া এলাকার বশিয়ার উদ্দিনের বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। সেখানে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে সামাউল ও সেলিমকে আটক করা হয়। তবে অভিযানের সময় আরও দুই আসামি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।পরে উপস্থিত সাক্ষীদের সামনে ঘটনাস্থল তল্লাশি করে জুয়া খেলার ১টি মাদুর, ৫২টি তাস (এক সেট) এবং নগদ ৪৯,৭৩০ (উনপঞ্চাশ হাজার সাতশত ত্রিশ) টাকা জব্দ করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুয়া খেলার অপরাধে আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদের ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে।





































আপনার মতামত লিখুন :