Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
banner
পর্ব- (০২)

সিরাজগঞ্জ পৌরসভার সচিব ও ইজারাদারের যোগসাজশে ব্যাটারীচালিত অটো থেকে তোলা হচ্ছে টোল


FavIcon
স্বদেশ চিত্র অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৬:১০ পিএম
সিরাজগঞ্জ পৌরসভার সচিব ও ইজারাদারের যোগসাজশে ব্যাটারীচালিত অটো থেকে তোলা হচ্ছে টোল

সিরাজগঞ্জ পৌরসভার সচিব রফিকুল ইসলাম  ও ইজারাদারের লোকজনের সহযোগিতায় ব্যাটারীচালিত অটো থেকে অবৈধ ভাবে টোল আদায় করা হচ্ছে, বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি সিরাজগঞ্জ পৌরসভার মাধ্যমে গত ১৯/০১/২০২৬ ইং তারিখে এক বিজ্ঞপ্তির মাধ্যমে " মীর্জা মোরাদুজ্জামান পৌর বাস টার্মিনাল ও সিএনজি টার্মিনাল " ইজারা দেওয়ার ঘোষণা হয়।এতে করে ইজারাদার প্রতিষ্ঠান " মেসার্স আজাদ ট্রেডার্স " বাংলা ১৪৩৩ সনের জন্য কাঙ্ক্ষিত সরকারি মূল্য  ৪৮,০৬,০৬৭/ টাকায় ইজারা পায়। পরবর্তীতে পৌর প্রশাসক শাহাদাত হুসেইন স্বাক্ষরিত এক পত্রে শর্ত সাপেক্ষে পহেলা বৈশাখ ১৪৩৩ হতে টোল আদায়ের অনুমতি দেওয়া হয় " মেসার্স আজাদ ট্রেডার্স " নামক প্রতিষ্ঠানকে।

পৌর প্রশাসক শাহাদাত হুসেইন স্বাক্ষরিত পত্রে শর্তাবলীগুলো হলো:

১।  মির্জা মোরাদুজ্জামান পৌর বাস টার্মিনাল সিএনজিসহ টার্মিনালের টোল নির্ধারিত স্হানে আদায় ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। 

২।  বাস/ মিনিবাস,সিএনজি হতে টোল আদায় করা যাবে। 

৩।  ঢাকা, বেলকুচি, এনায়েতপুর, কামারখন্দ - মুকুন্দগাঁতী রুটের বাস/ মিনিবাস চলাচল করবে। 

৪।  সর্বশেষ অনুমোদিত টোল চার্ট বোর্ডে লিখে জনসাধারণের অবগতির জন্য লটকিয়ে দিতে হবে  এবং সরকার কর্তৃক নির্ধারিত হারে টোল আদায় করতে হবে। কোন অবস্থাতেই বেশী টোল আদায় করা যাবে না। 

৫।  কোন অবস্থাতেই রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে লাঠি হাতে টোল আদায় করা যাবে না। 

৬।  পাকা রশিদের মাধ্যমে টোল আদায় করতে হবে। 

৭ । কোন প্রকার সাবলিজ অথবা হস্তান্তর করা যাবে না। 

৮। ইজারাদার কর্তৃক নিজ খরচে নিয়মিত ভাবে  টার্মিনাল পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 

৯।  ঝাড়ুদারের বেতন ইজারাদার বহন করবে। 

১০। টার্মিনালের খালি জায়গায় অবকাঠামোগত কোন পরিবর্তন করা বা কোন প্রকার ক্ষতিসাধন করা  এবং সীমানা সংকোচন করা যাবে না। 

১১।  প্রতিষ্ঠানের গাছ কাটা বা অন্য কোন সম্পত্তি নষ্ট করা যাবে না। 

১২। উর্দ্ধতন কর্মকর্তা কর্তৃক পরিদর্শন কাজে সার্বিক সহযোগিতা এবং চাহিদা মোতাবেক কাগজপত্র প্রদান করতে ইজারাদার বাধ্য থাকবেন।

১৩। উপরোক্ত শর্তের যে কোন একটি  শর্ত ভঙ্গ করলে কর্তৃপক্ষ বা সরকার কর্তৃক যে কোন সময় ইজারা বাতিল ঘোষণা করলে ইজারাদার তা মেনে নিতে বাধ্য থাকবে এবং ইজারাদার কোন প্রকার ওজর আপত্তি করতে পারবে না।দখলীয় সময়ের জন্য আনুপাতিক হারে বাদ দিয়ে অবশিষ্ট অর্থ ইজারাদার ফেরত পাবেন। 

অনুসন্ধানে জানা যায়, ইজারদার প্রতিষ্ঠান শর্ত ভঙ্গ করে অবৈধভাবে ব্যাটারীচালিত অটো প্রতি  ১০/= টাকা হারে টোল আদায় করছেন। আর এতে মদদ দিচ্ছে স্বয়ং পৌর সচিব রফিকুল ইসলাম। 

পৌর সচিব রফিকুল ইসলামকে এ ব্যাপারে অবগত করেও, তিনি  অবৈধ টোল আদায়ের ব্যাপারে ইজারাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেননি। অথচ শর্তাবলীর ১৩ নম্বরের  উল্লেখ রয়েছে শর্তের যেকোনো একটি শর্ত ভঙ্গ করলে, কর্তৃপক্ষ বা সরকার কর্তৃক ইজারা বাতিলের বিধান রয়েছে। 

কেন পৌর সচিব রফিকুল ইসলাম ইজারাদারে বিরুদ্ধে ব্যবস্তা নিতে অপারগ?

এর উত্তর খুঁজেতে যোগাযোগ করা হয় " মেসার্স আজাদ ট্রেডার্স " এর মালিক আবুল কালাম আজাদের সঙ্গে।  তাঁকে প্রশ্ন করা হয়, কেন আপনি ব্যাটারীচালিত অটো থেকে অবৈধ ভাবে টোল আদায় করছেন। তিনি বললেন, ইজারায় উল্লেখ রয়েছে। তখন তাঁকে বলা হয়, আপনাকে যে শর্তে পৌরসভা ইজারা দিয়েছে তাতে কোথাও ব্যাটারীচালিত অটোর কথা উল্লেখ করেনি। তখন তিনি বললেন, আপনি একটু পৌর সচিবের সাথে কথা বলেন। 

তিনি আরও জানান, তিনি নিজে কাজটি করেন না। তার প্রতিষ্ঠানের নামে কাজ নিয়েছেন ৩জন ব্যক্তি।

খোঁজ নিয়ে জানা যায়, এই ৩ জনই সচিব রফিকুল ইসলামের খুবই পরিচিত। তাদের সাথে রয়েছে সচিব মহোদয়ে দহরমমহরম। আর এ অবৈধ টোলের টাকা ভাগও চলে যায় তার পকেটে। 

এদিকে অবৈধ টোল আদায়ের অনুসন্ধানে নেমে "কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ"।

নামপরিচয় গোপন রাখার শর্তে একাধিক কর্মকর্তা - কর্মচারী পৌর সচিব রফিকুল ইসলামের দুর্নীতির বিরুদ্ধে একের পর এক তুললেন অভিযোগ। 

(যা পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হবে আগামীতে) পর্ব- ০৩ এ চোখ রাখুন। 

Banner
Side banner

অপরাধ বিভাগের আরো খবর

Small Banner
Side banner