পাবনায় বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মসজিদও ভাঙচুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান।
স্থানীয়রা জানায়, বেড়া উপজেলার তারাপুর গ্রামে বর্তমানে দুটি মসজিদ রয়েছে। একটি পুরানো মসজিদ ও আরেকটি নতুন মসজিদ নামে পরিচিত। কয়েক বছর আগে পুরানো মসজিদে নামাজ পরবর্তী মিলাদ মাহফিলে কিয়াম পড়া নিয়ে একটি দ্বন্দ্ব হয়।
এর জেরে মসজিদের তৎকালীন কোষাধ্যক্ষ আব্দুল মতিন হাজী নতুন মসজিদ নির্মাণ করেন। সম্প্রতি এই মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এতে একই গ্রামে পাশাপাশি দুটি মসজিদ নির্মাণে আপত্তি জানায় আরেকটি পক্ষ।
তারা বারান্দা নির্মাণে বাধা দেয়। এ সময় হাসুয়া, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাহমিনা সুলতানা নীলা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৩০ জন চিকিৎসা নিয়েছেন। বর্তমানে দুইজন ভর্তি রয়েছেন। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বগুড়া ও পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বেড়া মডেল থানার ওসি ওলিউর রহমান জানান, কিয়াম পড়া নিয়ে দুইটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিলো।
শুক্রবার সকালে মসিজদের বারান্দা তৈরির সময় এটি সংঘর্ষে রূপ নেয়। আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




































আপনার মতামত লিখুন :