দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থেকে রাজনীতির ময়দানে এবার নতুন অধ্যায় শুরু করেছেন থালাপতি বিজয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাত্র দুই দিনের মধ্যেই সংস্কারমূলক উদ্যোগে সিদ্ধান্ত নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। আর সেই পদক্ষেপেই প্রশংসায় ভাসিয়েছেন কিংবদন্তি অভিনেতা কমল হাসান।
দায়িত্ব গ্রহণের পরপরই তামিলনাড়ুতে ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন বিজয়। নতুন নীতিমালায় বলা হয়েছে, কোনো ধর্মীয় উপাসনালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে মদের দোকান পরিচালনা করা যাবে না। নির্বাচনের সময় দেওয়া ‘মাদকমুক্ত তামিলনাড়ু’ গড়ার প্রতিশ্রুতির প্রথম বাস্তব পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে এই উদ্যোগকে।
বিজয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কমল হাসান বলেন, “তামিল পরিবারের বহুদিনের প্রত্যাশা ছিল এটি। দায়িত্ব নেওয়ার পর এমন সাহসী সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়। সরকারের কাজ মদ বিক্রি করা নয়, বরং সমাজকে এর ক্ষতি থেকে রক্ষা করা। ৭১৭ সংখ্যাটি কেবল শুরু- আমি বিশ্বাস করি ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ আসবে।”
বর্তমানে তামিলনাড়ুতে সরকারি নিয়ন্ত্রণাধীন প্রায় ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। এর মধ্যে বহু দোকান ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে অবস্থান করছে। সরকারি তথ্যমতে, ২৭৬টি দোকান ধর্মীয় স্থানের কাছে এবং ১৮৬টি দোকান শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবস্থিত। নতুন সিদ্ধান্তের ফলে এসব দোকান পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে।
উল্লেখ্য, গত বছর শুধু মদ বিক্রি থেকেই তামিলনাড়ু সরকারের আয় হয়েছিল প্রায় ৪৮ হাজার কোটি টাকা। তবে এত বড় রাজস্ব ঝুঁকির মুখে ফেলেও জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


































আপনার মতামত লিখুন :